আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন চায় না বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন চায় না। চায় সকল রাজনৈতিক দলের অংশ গ্রহণে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন। আওয়ামী লীগ কখনো ফাঁকা মাঠে গোল দিতে চায় না।
রোববার (১৭ জুলাই) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) প্রধান কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশনের ডাকে সংলাপে অংশগ্রহণ করা সকল রাজনৈতিক দলের দেশপ্রেমের দায়িত্ব, নির্বাচনের মাধ্যমে যারা সরকারের পরিবর্তন চান তাদেরকেই নির্বাচনে অংশ নিতে হবে।
তিনি বলেন, নির্বাচন ব্যবস্থায় আরো উন্নতি করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন ব্যবস্থায় ইতিমধ্যে অনেকটা উন্নতি করেছেন। ভবিষ্যতে নির্বাচন ব্যবস্থা আরো আধুনিক-মানসম্মত করা হবে। বর্তমান ব্যবস্থাও একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের অনুকূলে হবে।
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন। এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরি ও বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।










