২৭ জুলাই অনুষ্ঠেয় আটটি মুসলিম রাষ্ট্রের সংগঠন ডি-৮ এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানী খার। প্রায় দশ বছর পর পাকিস্তানের কোনো মন্ত্রীর ঢাকা সফর হতে যাচ্ছে এটি।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার পাকিস্তান হাইকমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
ডি-৮ এর বর্তমান সভাপতি হিসেবে বাংলাদেশ জোটের সদস্য পাকিস্তান, তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া এবং নাইজেরিয়া। সম্মেলনে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। ডি-৮ এর পররাষ্ট্রমন্ত্রীদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. কে আব্দুল মোমেন সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন ড. মোমেন। তবে পাকিস্তানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী নয়, প্রতিমন্ত্রী হিনা রব্বানী খারকে পাঠানো হচ্ছে।
এর আগে হিনা রব্বানী ২০১২ সালে ইসলামাবাদে অনুষ্ঠিত ডি-৮ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে বাংলাদেশে এসেছিলেন। এরপর প্রায় ১০ বছরে পাকিস্তানের কোনো মন্ত্রী বাংলাদেশ সফর করেননি।










