নড়াইলের দিঘলিয়ায় মহানবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফেসবুকে কটূক্তিকারী আকাশ সাহার (২০) ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৭ জুলাই) বিকেলে লোহাগড়া আমলী আদালতের বিচারক মো. মোরশেদুল আলমের আদালত এই আদেশ দেন।
এর আগে আকাশকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা মাকফুর রহমান ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। বিচারক শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা।
শনিবার (১৬ জুলাই) রাত ১২টার দিকে তাকে খুলনা থেকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৫ জুলাই) লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ার কলেজছাত্র আকাশ সাহার ফেসবুকে মহানবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়। বিষয়টি ওই দিন জুম্মার নামাজের পর মানুষের নজরে আসে।
এরপর বিক্ষুদ্ধ জনতা আকাশ সাহার গ্রেফতার ও বিচার দাবিতে তাদের বাড়ির সামনে বিক্ষোভ করেন। ওইদিন বিকাল থেকে উত্তেজনা আরও বাড়তে থাকে। বিক্ষুদ্ধ লোকজন একপর্যায়ে সাহাপাড়ার গোবিন্দ সাহা, তরুণ সাহা, দিলীপ সাহা, পলাশ সাহার বাড়িসহ ৫-৬টি বাড়িঘর ভাংচুর করেন। এর মধ্যে গোবিন্দা সাহার বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করেছে। ঘটনার পর আকাশের বাবাকে পুলিশ হেফাজতে নেয়া হয়। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।











