কাতারে অবস্থিত আমেরিকার কৌশলগত আল উদেইদ বিমানঘাঁটিতে ১৫তম দফায় বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে ইরান।
শুক্রবার (১৭ জুলাই) এক বিবৃতিতে ইরানের বিশেষ সামরিক বাহিনী ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ দাবি করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি।
আইআরজিসির দাবি, হামলায় বিমানঘাঁটিতে থাকা একটি দূরপাল্লার রাডার ব্যবস্থা এবং মার্কিন বাহিনীর বেশ কয়েকটি কৌশলগত জ্বালানি সরবরাহকারী বিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে।
বিবৃতিতে আমেরিকা ও তার আঞ্চলিক সহযোগীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়, “আমেরিকান শত্রু এবং এ অঞ্চলে তাদের ঘাঁটিগুলোর স্বাগতিকদের জানা উচিত, সীমালঙ্ঘন এবং সাধারণ মানুষ ও বেসামরিক অবকাঠামোয় হামলার পরিণতি অত্যন্ত ভয়াবহ ও করুণ হবে।”
ইরানি সামরিক বাহিনী আরও সতর্ক করে বলেছে, শত্রুপক্ষ তাদের বর্তমান আক্রমণাত্মক নীতি অব্যাহত রাখলে সামনে আরও বিধ্বংসী ও কঠোর জবাব অপেক্ষা করছে। সেই জবাব যুদ্ধক্ষেত্রের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
এই হামলার দাবির পর মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো ঘিরে উত্তেজনা এবং আঞ্চলিক ভূরাজনৈতিক পরিস্থিতি নতুন করে চরম আকার ধারণ করেছে।
সূত্র: আল-জাজিরা










