spot_img

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার। আমরা সবসময় জনগণের পাশে থাকতে চাই। দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বন্যাদুর্গত মানুষের জন্য সরকারি ও বেসরকারি সম্মিলিত উদ্যোগে ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ এবং ইউনিয়নের কুমারীছড়া ভাঙন এলাকা পরিদর্শন শেষে উপস্থিত জনগণের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন করা হবে।

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায়ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে তারা যেন দ্রুততম সময়ের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সেই ব্যবস্থা করা হবে।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত সরকারি কর্মকর্তাদের দ্রুত বন্যার ক্ষয়ক্ষতির সঠিক তথ্য সংগ্রহ এবং জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

পরে তিনি চকরিয়া পৌরসভার কোচপাড়া বেড়িবাঁধের ভাঙন ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব এবং নদীভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সালাহউদ্দিন আহমদ।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান, জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফখরুদ্দীন ফরায়েজি ও পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিমসহ বিএনপির স্থানীয় নেতারা, প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জুমার নামাজের পর স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বর্ডার গার্ড বাংলাদেশের দেওয়া খাদ্যসামগ্রী বানভাসি মানুষের মধ্যে বিতরণ করেন।

এদিন বিকেলে উপজেলার কাকারা, সুরাজপুর-মানিকপুর ও বরইতলী ইউনিয়নের বন্যাকবলিত মানুষের মধ্যেও ত্রাণ সহায়তা তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ