spot_img

সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে ৩ দিনের রিমান্ড দিয়েছে আদালত

চট্টগ্রাম-১১ (বন্দর, পতেঙ্গা) আসনে আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জিজ্ঞাসাবাদ করতে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত।

আজ শনিবার (১৭ আগষ্ট) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব শুনানি শেষে এই আদেশ দেন।

নগর পুলিশের উপকমিশনার প্রসিকিউশন এ এ এম হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আসামি এম এ লতিফকে জিজ্ঞাসাবাদ করতে ডবলমুরিং থানার পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করে। আসামিপক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

মামলার এজাহারে বলা হয়, ৪ আগস্ট নগরের নিউমার্কেট এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি শেষে ফেরার পথে ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকায় এরশাদ নামের একজন গুলিতে আহত হন। এ ঘটনায় আহত এরশাদ বাদী হয়ে থানায় এম এ লতিফসহ ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ