spot_img
spot_img

মক্কায় ড্রোন হামলার চেষ্টার তীব্র নিন্দা তুরস্কের

পবিত্র মক্কা নগরী লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রতি পূর্ণ সমর্থন এবং দেশটির সঙ্গে সংহতি প্রকাশ করেছে আঙ্কারা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ অবস্থান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, পবিত্র মক্কা নগরী লক্ষ্য করে হুথিদের চালানো ড্রোন হামলার তীব্র নিন্দা জানাচ্ছে তুরস্ক। সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করার পাশাপাশি দেশটির সঙ্গে সংহতি প্রকাশ করছে আঙ্কারা।

এ ধরনের হামলা আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে অবিলম্বে তা বন্ধ এবং উত্তেজনা আরও বাড়াতে পারে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তুরস্ক।

এদিকে তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগবিষয়ক দপ্তরের প্রধান বুরহানেত্তিন দুরান পৃথক বিবৃতিতে হামলার চেষ্টার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, মুসলিম বিশ্বের পবিত্র দুই মসজিদকে লক্ষ্য করে যেকোনো হামলার চেষ্টা সম্মিলিত বিবেককে আহত করে। পবিত্র মক্কার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সমগ্র মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মক্কার দক্ষিণে একটি ড্রোন ধ্বংস করার কথা জানায় সৌদি আরবের বিমান প্রতিরক্ষা বাহিনী।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মক্কার সংরক্ষিত আকাশসীমায় প্রবেশের আগেই ড্রোনটি ধ্বংস করা হয়। এর ধ্বংসাবশেষ শহরের দক্ষিণে পড়ে।

সৌদি জোট ড্রোনটি পাঠানোর জন্য ইরান সমর্থিত হুথি বাহিনীকে দায়ী করেছে। তবে হুথিরা মক্কাকে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ