spot_img
spot_img

ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: মাহদী আমিন

ভারতে পলাতক ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে বাংলাদেশে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারে, সে বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহ্দী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় তিনি ভারতে অবস্থানরত পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামিদের সম্ভাব্য অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টা ঠেকাতে সহযোগিতার আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক উন্নয়ন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। পারস্পরিক শ্রদ্ধা, সমতা, ন্যায্যতা ও ন্যায়বিচারের ভিত্তিতে সম্পর্ককে আরও টেকসই ও মর্যাদাপূর্ণ পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে।

এ ছাড়া দুই দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মূল্যবোধ সুসংহত করা এবং বিদ্যমান চ্যালেঞ্জগুলো পারস্পরিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সমাধানের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। তথ্যপ্রযুক্তি, উদ্ভাবন এবং বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা।

এ সময় ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার পবন বাধে উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ