স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
বুধবার (১৭ নভেম্বর) বিকালে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠককালে স্পিকার বলেন, বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ও ভারত যৌথভাবে ৬ ডিসেম্বর “মৈত্রী দিবস” উদযাপন করতে যাচ্ছে, যা বাংলাদেশ-ভারতের অকৃত্রিম বন্ধুত্বের দৃষ্টান্ত। ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশ-ভারত একে অপরের পরিপূরক। স্পিকার এ সময়ে মৈত্রী দিবসে অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।
ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, বাংলাদেশে নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। নারীরা বিভিন্ন সেক্টরে প্রশিক্ষণ গ্রহণ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠছে।
পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন হাইকমিশনার।










