spot_img

বিএনপি ক্ষমতায় এলে রক্তের বন্যা বইয়ে দেবে; সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ওবায়দুল কাদের

বিএনপি ক্ষমতায় এলে আবারও রক্তের বন্যা বইয়ে দেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি সাম্প্রদায়িক অপশক্তির কাঁধে ভর করে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে। তারা এখন গণতন্ত্রের ফেরিওয়ালা সেজে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই এ বর্ণচোরা বিএনপির অপকর্মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের ১৭ কোটি মানুষের জীবন ও নিরাপত্তা বিএনপির হাতে নিরাপদ নয়। বিএনপি ক্ষমতায় এলে দেশ আবারও রক্তের বন্যা বইয়ে দেবে। বাংলাদেশ আবারও দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হবে।

বুধবার (১৭ নভেম্বর) নাটোর জেলার সিংড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সরকার ও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে প্রচুর বিনিয়োগ করা হচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে চলছে পরিকল্পিত মিথ্যাচার। যারা এসব অপচেষ্টা চালাচ্ছে তারা সফল হবে না, তবুও আমাদের সতর্ক থাকতে হবে। সব মতভেদ ভুলে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার আদর্শকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যেকোনো পরিস্থিতিতে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যাতে সরকারের উন্নয়ন ম্লান হয়ে যায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ