বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, দেশে শান্তি প্রতিষ্ঠায় একমাত্র পথ সর্বস্তরে আল্লাহর বিধান ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আদর্শ প্রতিষ্ঠা করা। কুরআন সুন্নাহ ছাড়া দেশে শান্তি আসতে পারে না। কুরআনে জনগণের মৌলিক ও নাগরিক অধিকার সংরক্ষিত আছে। বর্তমান বিশ্বে সংকটময় মুহূর্তে ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নির্দেশনা মতো সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। তাঁর পদাঙ্ক-অনুসরণ করতে হবে। রাষ্ট্র ও সমাজের নেতারা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণেই আজ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।
মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর কামরাঙ্গীরচর আলিনগরে বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ এর ৫৬ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা হামিদী বলেন, খেলাফত আন্দোলন বস্তুবাদী কোন আন্দোলন নয়, সন্ত্রাস ও নৈরাজ্যের রাজনীতি নয়, খেলাফতের রাজনীতি একটি ইবাদত। নবী-রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে যুগে যুগে বুজুর্গানে দ্বীন এই কাজে নেতৃত্ব দিয়েছেন। নৈতিক, আধ্যাত্মিকতা ও উন্নত চরিত্র গঠন এ আন্দোলনের কর্মীদের আবশ্যিক শর্ত।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের কামরাঙ্গীরচর থানা শাখার আমীর মাওলানা সাজিদুর রহমান ফয়েজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দলের ঢাকা মহানগরের যুগ্ম সম্পাদক ও কামরাঙ্গীরচর থানা শাখার সেক্রেটারি মুফতি আ ফ ম আকরাম হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতি আবুল হাসান কাসেমী, হাফেজ মাওলানা জামিল আহমদ, মাওলানা মোয়াজ্জম হোসাইন, মুফতী আবদুস সালাম, মাওলানা সাইফুল্লাহ নোমানী, ছাত্রনেতা মুফতি জাকির বিল্লাহ, মুফতী জালাল উদ্দীন রুমী, মাওলানা অলিউল্লাহ, মাওলানা দেলোয়ার হোসেন শাহীন, মাওলানা কামাল হোসেন নোমানী ও মাওলানা ইমাম হোসাইন প্রমুখ।
সভাপতির বক্তব্যে মাওলানা সাজিদুর রহমান ফয়েজী বলেন, চাল-তেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণ অতিষ্ঠ। দেশে মানুষের নৈতিক অবক্ষয় চরম আকার ধারণ করেছে। দেশ,ইসলাম ও জনগণের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। সরকারকে চলমান সংকট নিরসন করতে হবে।
তিনি বলেন, ইসলামের সুমহান আদর্শ সকলের কাছে তুলে ধরতে হবে। খোলাফায়ে রাশেদার অনুকরণে খেলাফত পদ্ধতির রাষ্ট্র কায়েম হলে দেশে শান্তি আসবে।
সভায় মাওলানা খাইরুজ্জামান হুজাইফীকে আমির ও মাওলানা সাইফুল্লাহ নোমানীকে সেক্রেটারি করে ১৫ সদস্য বিশিষ্ট ঢাকা মহানগর দক্ষিণ ৫৬ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়।










