নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান বলেছেন, নির্বাচন সুষ্ঠু করতে আমরা কঠোর অবস্থানে রয়েছি। বাংলাদেশের সকল নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। ভোট নিয়ে কেউ যেন আঙুল তুলতে না পারে সেজন্য সজাগ রয়েছে নির্বাচন কমিশন।
বুধবার (১৮ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ঠাকুরগাঁও-৩ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, নির্বাচন পর্যবেক্ষণে প্রত্যেক সাংবাদিকের ক্যামেরা হলো নির্বাচন কমিশনের চোখ।
এ সময় তিনি আরও বলেন, ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্তদের নিরপেক্ষ থেকে নিষ্ঠার সাথে ভোটগ্রহণ সম্পন্ন করতে হবে। কেন্দ্রে বিশৃঙ্খলা দেখা দিয়ে তাৎক্ষণিক ভোটগ্রহণ বন্ধ করার জন্য প্রিজাইডিং কর্মকর্তাদের নির্দেশ দেন।
উল্লেখ্য, বিএনপির সংসদ সদস্য জাহিদুর রহমান পদত্যাগ করায় ঠাকুরগাঁও-৩ আসন শূন্য হয়। এ আসনে আগামী পহেলা ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে।











