সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এক দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শত সড়ক উদ্বোধন কর্মসূচির আওতায় নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়ক থেকে শুরু হওয়া জিহাসতলা-শেখেরচর জেলা মহাসড়কের উদ্বোধনী ফলক ভেঙে ফেলার ঘটনা দেশবিরোধী ও উন্নয়নবিরোধী গোষ্ঠীর সঙ্গে জড়িত
বুধবার (১৮ জানুয়ারি) এক বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, উন্নয়ন কর্মসূচির উদ্বোধনী ফলক ভেঙে ফেলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, দেশবিরোধী ও উন্নয়নবিরোধী চিহ্নিত গোষ্ঠী এ ধরনের হীন চক্রান্তের সঙ্গে জড়িত। তাদের এ অপচেষ্টার কারণে বারবার দেশের উন্নয়ন-অগ্রযাত্রা ব্যাহত হয়েছে। এই অপশক্তির দেশবিরোধী ষড়যন্ত্র ও চক্রান্ত এবং প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা না থাকলে এ দেশের উন্নয়ন ও অগ্রগতি আরও ত্বরান্বিত হতো।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, রাতের অন্ধকারে যারা এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালায় এবং যারা দেশের সম্পদ ধ্বংসে লিপ্ত হয়, তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে সহায়তা করুন।











