পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীরা জানিয়েছে, যুদ্ধের আশঙ্কায় তারা বেসামরিক লোকদের রাশিয়ায় সরিয়ে নিচ্ছে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) পূর্ব ইউক্রেনে বিদ্রোহীদের প্রতিষ্ঠিত ‘দনেৎস্ক পিপলস রিপাবলিকের’ প্রধান ড্যানিশ পুশিলিন এক ভিডিও বার্তায় এই তথ্য জানান।
ওই ভিডিও বার্তায় তিনি বলেন, আজকে থেকে রাশিয়ায় জনগণকে সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। নারী, শিশু ও বয়স্কদের সরিয়ে নেয়ার ক্ষেত্রে অগ্রাধিকারে রাখা হয়েছে। তবে এই বিষয়ে রাশিয়া বা ইউক্রেনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে বৃহস্পতিবার থেকে ইউক্রেনের সামরিক বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে গোলাগুলি শুরু হয়। গোলাগুলির জন্য উভয়পক্ষই পরস্পরকে দায়ী করছে।
২০১৪ সালে ইউক্রেনে রুশপন্থী সরকারের পতনের পর রাশিয়া দেশটিতে আগ্রাসন চালিয়ে ক্রিমিয়া অঞ্চলটি দখল করে নেয়। পাশাপাশি মস্কোর পৃষ্ঠপোষকতায় পূর্ব ইউক্রেনে বিপুল অঞ্চল দখল করে নেয় বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী।
পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীরা দুই রাষ্ট্র ‘দনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপালিক’ প্রতিষ্ঠা করে। রাশিয়া ছাড়া আর কোনো দেশ ওই দুই রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংঘর্ষ বন্ধে ২০১৫ সালে ফ্রান্স ও জার্মানির মধ্যস্থতায় বেলারুশের মিনস্কে এক অস্ত্রবিরতি চুক্তি হয়। রুশপন্থী বিদ্রোহীরা ওই চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে।
সূত্র : আলজাজিরা











