বুধবার | ১৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

রমজানকে স্বাগত জানিয়ে রাজধানীতে ছাত্র আন্দোলনের স্বাগত মিছিল

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে রাজধানীতে মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। মিছিল থেকে পবিত্র রমজান মাসে দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা এবং অশ্লীলতা ও বেহায়াপনামুক্ত পরিবেশ নিশ্চিত করে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানানো হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পল্টনে সংগঠনের উদ্যোগে এই ‘রমযানের স্বাগত মিছিল’ অনুষ্ঠিত হয়।

মিছিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ। তিনি রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, ‘পবিত্র রমজান মুসলিমদের জন্য আত্মশুদ্ধি, সংযম ও নৈতিকতার মাস। এই মাসের পবিত্রতা রক্ষার্থে প্রয়োজনে প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে।’

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারকে অবিলম্বে বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ভেজালমুক্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে রাখতে হবে।’

এছাড়া বক্তব্যে তিনি সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও সাশ্রয়ী মূল্যে খাবারের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। রমজানকে কেন্দ্র করে সামাজিক সংহতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

স্বাগত মিছিলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলীল, তথ্য-গবেষণা ও প্রযুক্তি সম্পাদক কামরুল ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাইমুন ইসলাম মিঠুন, অর্থ ও কল্যাণ সম্পাদক আহমাদ শাফী, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু, প্রকাশনা সম্পাদক শেখ মুহাম্মাদ মাহদী ইমাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তুহিন মালিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক আব্দুর রহমান, কার্যনির্বাহী সদস্য বি এম মাহদী আল হাসান ও তানভীর আহমেদ শোভন প্রমুখ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ