spot_img

আমাদের ছেলে-মেয়েদের প্রকৃত ইতিহাস শেখাতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের দেশের প্রকৃত ইতিহাস শেখানোর ওপর গুরুত্বারোপ করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, আমাদের ছেলে-মেয়েদের প্রকৃত ইতিহাস শেখাতে হবে। ২১ ফ্রেব্রুয়ারি আমাদের ভাষা দিবস, বাংলা ভাষার জন্য এদেশের মানুষ বুকের রক্ত দিয়ে গেছে। যে দিবসটা এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটা কিন্তু প্রজন্মের পর প্রজন্মের সব শিশুদের জানতে এবং শেখাতে হবে।

আজ শুক্রবার (১৮ মার্চ) বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে তার ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবস। এ বিজয় এবং স্বাধীনতা অর্জনের পেছনে যে আত্মত্যাগ সে সম্পর্কেও সবাইকে জানতে হবে। তাহলেই তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে।

বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চ এবং জাতীয় শিশু দিবসসহ প্রত্যেকটি জাতীয় দিবস সম্পর্কে নতুন প্রজন্মকে দীক্ষা দেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আমি বলবো আমাদের পক্ষ থেকেও উদ্যোগ নিতে হবে, প্রজন্মের পর প্রজন্ম যেন এই সত্যগুলো জানতে পারে। কারণ ২১টি বছর তো সবকিছুই নিষিদ্ধ ছিল, কিন্তু সত্যকে কেউ মুছে ফেলতে পারে না। আজকে সেটাই প্রমাণ হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আবার যেন কখনো কোনো হায়েনার দল বাঙালির যে অর্জন, সেগুলোকে যেন কেড়ে নিতে না পারে। সেজন্য দেশবাসীকে সঙ্গে নিয়ে উন্নয়নের এ গতিধারা অব্যাহত রাখতে হবে। আর এই উন্নয়নের প্রত্যেকটি ধারার সঙ্গে সাধারণ মানুষকে সম্পৃক্ত করেই তাদের জন্য কাজ করে যেতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ