বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদের যেসব বিষয়ে বিএনপি একমত হয়েছিল, সেগুলো বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এক বক্তব্যে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না। বিভিন্ন বিষয়ে সংসদে আলোচনা হবে, প্রয়োজনে ওয়াকআউটও হবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য।’
তিনি ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি ও কৃষক কার্ডকে নতুন সরকারের বড় অর্জন হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে জানান, দেশে এখন মব কালচার অনেকটাই কমে এসেছে।
দুর্নীতি দমনের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, নতুন দুর্নীতি কমিশন গঠন করা হবে এবং এ ক্ষেত্রে কোনো আপস করা হবে না।
স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের মধ্যেই অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। পাশাপাশি বিএনপির দলীয় কাউন্সিলও এ বছর আয়োজন করা হবে বলে উল্লেখ করেন।
সরকারি নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, “দলীয় সরকার স্বাভাবিকভাবেই দলীয় লোকদের নিয়োগ দেবে—এটা নিয়ে সমালোচনার কিছু নেই।” তবে তার দাবি, বিএনপির অতীত রেকর্ড ভালো এবং যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা যোগ্য।










