spot_img
spot_img

ইরানে প্রেসিডেন্ট-স্পিকার-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন পাক সেনাপ্রধান আসিম মুনির

ইরান সফরে দেশটির প্রেসিডেন্ট, স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। এসব বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, টেকসই শান্তি প্রতিষ্ঠা, কূটনৈতিক যোগাযোগ জোরদার এবং অঞ্চলে স্থিতিশীলতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর জানিয়েছে, আসিম মুনির ইরানের প্রেসিডেন্ট ড. মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি দেশটির স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গেও পৃথকভাবে বৈঠক করেন।

এ ছাড়া আসিম মুনির খাতামুল আম্বিয়া সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলি আবদুল্লাহীর সঙ্গেও সাক্ষাৎ করেন।

আইএসপিআর বলেছে, এসব বৈঠকে অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করা এবং অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধির জন্য যৌথ পদক্ষেপের বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আইএসপিআর আরও জানিয়েছে, আসিম মুনির ইরানি নেতৃত্ব ও জনগণের উষ্ণ আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং পাকিস্তানি জনগণের পক্ষ থেকে ইরানের নেতৃত্বের কাছে শুভেচ্ছা পৌঁছে দেন।

সংস্থাটি বলেছে, এই সফর মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে পাকিস্তানের অটল অঙ্গীকার এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রতিফলন। ইরানে তিন দিনের এ সফরে আসিম মুনিরের সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভীও ছিলেন।

সূত্র : ডেইলি জঙ্গ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ