জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, দীর্ঘ সময় ধরে সংসদ বয়কট করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে এবং জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হবে। তিনি বিরোধী দলের প্রতি কারণে-অকারণে ওয়াকআউট না করার আহ্বান জানিয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে বরিশাল নগরীর সার্কিট হাউজ মিলনায়তনে বরিশাল চেম্বার অব কমার্সের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, সংসদে ওয়াকআউট করা বিরোধী দলের অধিকার এবং এটি একটি রাজনৈতিক চর্চা। তবে রাজনৈতিক লক্ষ্য অর্জনের চেষ্টা করতে গিয়ে যেন জনগণের অধিকার ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সরকার ও বিরোধী দল উভয়কেই সতর্ক থাকতে হবে।
সরকারি দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিরোধী দলকে সংসদে কার্যকর ভূমিকা পালনের জন্য যথাযথ সুযোগ দিতে হবে। একই সঙ্গে তিনি বিরোধী দলের প্রতি দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।
স্পিকার বলেন, যারা স্বৈরশাসনের বিরুদ্ধে একসঙ্গে আন্দোলন করেছে, তাদের মধ্যে ঐক্য বজায় রাখা জরুরি। ভবিষ্যতে কোনো স্বৈরশাসকের উত্থান যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি বলেন, ১৯৭১ সালে যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, তা এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তবে সেই স্বপ্ন দ্রুতই বাস্তবায়িত হবে বলে আমরা আশা করি।
বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি এবায়দুল হক চাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।











