spot_img
spot_img

আমেরিকার প্রথম অঙ্গরাজ্য হিসেবে মন্টানায় টিকটক নিষিদ্ধ

আমেরিকার প্রথম অঙ্গরাজ্য হিসেবে মন্টানায় ব্যক্তিগত ডিভাইসে চীনা মালিকানাধীন মিডিয়া জায়ান্ট টিকটক নিষিদ্ধ হতে চলেছে। স্থানীয় সময় বুধবার (১৭ মে) গভর্নর গ্রেগ জিয়ানফোর্ট এই নিষেধাজ্ঞায় স্বাক্ষর করেছেন। এটি আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্যক্তিগত ডিভাইসে চীনা মালিকানাধীন টিকটক অ্যাপ নিষিদ্ধ করার ক্ষেত্রে প্রথম মার্কিন অঙ্গরাজ্য হতে চলেছে মন্টানা। বুধবার সেখানকার গভর্নর এই নিষেধাজ্ঞায় স্বাক্ষর করে আইনে পরিণত করেছেন এবং এটি আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

চীনা মালিকানাধীন অ্যাপ হওয়ায় চীন সরকারের কাছে এর ডেটা পাঠানো হতে পারে এমন উদ্বেগের কারণে বিশ্বজুড়ে বহু দেশে তদন্তের আওতায় এসেছে টিকটক। তবে ভিডিও-শেয়ারিং এই প্ল্যাটফর্মটি বলছে, এই নিষেধাজ্ঞা ‘মন্টানার জনগণের প্রথম সংশোধনীর অধিকার লঙ্ঘন করবে’।

মন্টানার গভর্নর গ্রেগ জিয়ানফোর্ট একজন রিপাবলিকান এবং আইন প্রণেতাদের উদ্দেশে তিনি বলেছেন, চীনা কমিউনিস্ট পার্টির নজরদারি থেকে মন্টানার জনগণকে রক্ষা করার জন্য বিস্তৃত পরিসরের আরও নিষেধাজ্ঞা তার অগ্রাধিকার হিসেবে থাকবে।

আমেরিকার পশ্চিমাঞ্চলীয় এই অঙ্গরাজ্যের জনসংখ্যা মাত্র ১০ লাখের কিছু বেশি। এর আগে গত বছরের ডিসেম্বরে রিপাবলিকান পরিচালিত এই অঙ্গরাজ্যটি সরকারি ডিভাইসে চীনের জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং অ্যাপটি নিষিদ্ধ করেছিল। তবে এবার ব্যক্তিগত ডিভাইসে টিকটক নিষিদ্ধ করা হয়েছে এবং এই আইনকে চীনা মালিকানাধীন এই অ্যাপাটি আদালতে চ্যালেঞ্জ করবে বলে আশা করা হচ্ছে।

সংস্থাটি বলেছে, আমেরিকা তাদের ১৫ কোটি ব্যবহারকারী রয়েছে। যদিও প্ল্যাটফর্মটি প্রায় সব বয়সের মানুষের কাছে প্রসারিত হয়েছে, এরপরও এটি এখনও কিশোর-কিশোরী এবং ২০-৩০ বছর বয়সী ব্যবহারকারীদের কাছে সবচেয়ে জনপ্রিয়।

যাইহোক, মার্কিন রাজনৈতিক স্পেকট্রামজুড়ে উদ্বেগ রয়েছে যে চীনের অ্যাপ টিকটক হয়তো আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকির কারণ হতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ