নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চ রেসকোর্স মাঠে যে ভাষণ দিয়েছিলেন, তার সেই ভাষণ শুধু রেসকোর্স মাঠেই সীমাবদ্ধ ছিল না, সাড়ে ৭ কোটি বাঙালির হৃদয় ছুঁয়ে গিয়েছিল। তেমনি ৫০ বছর পরে বাংলাদেশ এমন একটি দিন উদযাপন করতে যাচ্ছে। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানও শুধু লাখ লাখ মানুষ নয়, ১৭ কোটি মানুষ যুক্ত হবে।
শনিবার (১৮ জুন) সন্ধ্যায় মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর জনসভাস্থল ও ঘাট এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এসময় নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও মাদারীপুর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান, শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় নৌ-পরিবহণমন্ত্রী বলেন, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর জনসভায় কেউ বলছে ১০ লাখ, কেউ বলছে ২৫ লাখ, কেউ বলছে ৩০ লাখ মানুষের উপস্থিতি হবে। আসলে এটা বড় বিষয় নয়। বাংলাদেশের ১৭ কোটি মানুষই সেদিন পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হবে। সবারই দৃষ্টি থাকবে এখানে। কাজেই এটা সংখ্যা দিয়ে নিরুপণ করা যাবে না।










