বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমেরিকায় ২০ থেকে ৫০ জন পুলিশ টাকা পাচার করেছে। তাদের রক্ষা করবেন নাকি আপনাদের মানসম্মান রক্ষা করবেন। চাকরি রক্ষা করবেন নাকি নিজের সংসার রক্ষা করবেন সিদ্ধান্ত আপনাদের।
রোববার (১৮ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান থানা বিএনপি আয়োজিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর নিঃশর্ত মুক্তির দাবিতে অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশের সাধারণ মানুষ কষ্ট করবে, আর লুটপাট করে খাবে কয়জন (যার সংখ্যা দুই থেকে তিন শতাংশ) বাকি ৯৮ শতাংশ কষ্ট করবে। আর আমরা বসে বসে এখানে আঙুল চুষবো এটা হবে না।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে গয়েশ্বর রায় বলেন, আপনার বয়স হচ্ছে এখন আপনি ২২-২৩ ঘণ্টা জার্নি করে যাইতে পারবেন না। কিন্তু আপনার আইসিটি উপদেষ্টার রয়েছে, লোকে বলে আমেরিকায় অনেকগুলো বাড়ি রয়েছে। ঘটনা যদি সত্যি হয় তাহলে এই বাড়িগুলো কাকে দেবেন। শোনা গেছে- আপনার মেয়ের জামাই কয়েকশো কোটি টাকা বিদেশে পাচার করেছেন। এই টাকা যদি মার যায় তাহলে আপনাদের না খেয়ে থাকা ছাড়া কোন উপায় নাই।










