চলতি গ্রীষ্মকালে ইউরোপজুড়ে শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। এই তাপপ্রবাহের কারণে জুনের শেষ থেকে জুলাইয়ের শুরু পর্যন্ত মাত্র ১৫ দিনে বেলজিয়ামে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বেলজিয়ামের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিয়েনসানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সিয়েনসানোর তথ্যমতে, গত ১৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত ১৫ দিনে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। তীব্র গরমে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে বেলজিয়ামের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওয়ালোনিয়াতে। মৃত্যুসংখ্যার দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে রাজধানী ব্রাসেলস এবং উত্তরাঞ্চলীয় প্রদেশ ফ্ল্যান্ডার্স।
বিবৃতিতে সিয়েনসানো জানিয়েছে, ২০০০ সাল থেকে তারা দেশে তাপপ্রবাহজনিত মৃত্যুর রেকর্ড রাখছে।
সংস্থাটির গত ২৬ বছরের রেকর্ডের তথ্য অনুযায়ী, এ বছরই প্রথম তাপপ্রবাহের কারণে সৃষ্ট হিটস্ট্রোক ও নানাবিধ শারীরিক জটিলতায় বেলজিয়ামে এত বিপুলসংখ্যক মানুষের মৃত্যু হলো।
এর আগে বেলজিয়ামে গ্রীষ্মকালীন তাপপ্রবাহের কারণে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছিল ২০২০ সালে। ওই বছর দেশটিতে ১ হাজার ৫৫৭ জনের প্রাণহানি হয়েছিল।
সূত্র: আনাদুলু এজেন্সি










