আফগানিস্তানে আল-কায়েদার তৎপরতা কমেছে। তবে গোষ্ঠীটি দেশটিতে এখনো নিজেদের উপস্থিতি বজায় রেখেছে বলে দাবি করেছেন জাতিসংঘের সন্ত্রাসবিরোধী কার্যক্রমবিষয়ক ভারপ্রাপ্ত আন্ডার-সেক্রেটারি-জেনারেল আলেকজান্ডার জুয়েভ।
তিনি বলেন, আফগানিস্তান ঐতিহাসিকভাবে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর আবাসস্থল হয়ে এসেছে। তবে বর্তমানে আল-কায়েদা খুব বেশি সক্রিয় নয়।
শনিবার (১৮ জুলাই) রাশিয়ার সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
জুয়েভ বলেন, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সঙ্গে আল-কায়েদার একটি জটিল সম্পর্ক রয়েছে।
জুয়েভের দাবি, বর্তমানে আফগানিস্তানে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে দায়েশ ও তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি সবচেয়ে বেশি তৎপর।
ইমারাতে ইসলামিয়া এর আগেও আফগানিস্তানে সশস্ত্র গোষ্ঠীগুলোর উপস্থিতিসংক্রান্ত দাবি প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে তারা পুনর্ব্যক্ত করেছে, অন্য কোনো দেশের বিরুদ্ধে আফগান ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না।
সূত্র: আরিয়ানা নিউজ










