spot_img

আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন তলানিতে: গয়েশ্বর

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়লে সব জিনিসের দাম বাড়ে। তবে একটা জিনিসের দাম কমছে। সেটা হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন তলানিতে।

আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের মাঠের বাজারে একটি স্কুলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকার বিদেশিদের কাছ থেকে যে টাকা ঋণ নিয়েছে, আগামী বছর থেকে সে টাকার সুদ দেওয়া শুরু করতে হবে। কিন্তু সরকার যে হারে লুটপাট করেছে, সে কারণে সেই সুদ দেওয়ার কোন উপায় নেই। দেড় হাজার কোটি টাকার প্রকল্পের এক হাজার কোটি টাকাই লুটপাট করা হয়েছে। আর সরকারের লোকজন ১০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এসব কারণে আমরা এ সরকারের পতন চাই।

তিনি বলেন, সরকারের লুটপাট, অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে আর গণতন্ত্রের জন্য বিএনপি আন্দোলন করছে। সরকার এমন অবস্থার সৃষ্টি করেছে, যে কারণে আমাদেরকে প্রায় প্রতিদিনই কোর্টে হাজিরা দিতে হয়। জনগণের নেত্রী বেগম খালেদা জিয়াও বন্দি। জনগণের নেত্রী বন্দি থাকলে জনগণ মুক্ত থাকতে পারেনা। জনগণের আন্দোলনের মাধ্যমে সবাইকে মুক্ত করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ