জুলাই গণহত্যার প্রকৃত চিত্র তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
তিনি আজ রোববার (১৮ আগষ্ট) নতুন করে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাবার পর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, গণমাধ্যমকে কাজ করতে হবে দল-নিরপেক্ষভাবে। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের। এর মাধ্যমে মুক্ত গণমাধ্যম নিশ্চিত করা হবে। স্টেক হোল্ডারদের সাথে এ নিয়ে আলোচনা করবো।
তিনি জানান, গণমাধ্যমকর্মী আইন-সহ সংশ্লিষ্ট আইনে সমস্যা থাকলে সেটি সংস্কারের পাশাপাশি সেন্সরবোর্ড পুনর্গঠন করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তথ্য উপদেষ্টা বলেন, সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের বিচার হবে। তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করা হবে। এক্ষেত্রে মন্ত্রণালয় সহায়তা করবে।











