spot_img
spot_img

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্ক যাচ্ছেন। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি ভাষণ দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্কসহ আমেরিকা সফরের সময়সূচি সংক্ষিপ্ত করা হয়েছে। সর্বশেষ সূচি অনুযায়ী, তিনি ২৬ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কে অবস্থান করবেন। এর আগে ২১ থেকে ২৯ সেপ্টেম্বর আমেরিকা সফরের পরিকল্পনা করা হয়েছিল। নিউইয়র্কের পাশাপাশি সান ফ্রান্সিসকো সফরেরও প্রস্তুতি নেওয়া হয়েছিল।

সরকারি সূত্রগুলো জানিয়েছে, সংক্ষিপ্ত নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের তালিকাও ছোট করা হয়েছে। কমসংখ্যক প্রতিনিধিদল নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার মাধ্যমে ব্যয়সংযমের বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিউইয়র্কে অবস্থানের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের উচ্চপর্যায়ের কয়েকটি বৈঠক, বাংলাদেশ আয়োজিত আলোচনা এবং বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

জাতিসংঘের উচ্চপর্যায়ের বৈঠকগুলোর মধ্যে উন্নয়ন, মহামারি প্রতিরোধ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও পরমাণু নিরস্ত্রীকরণবিষয়ক বৈঠক রয়েছে। জাতিসংঘের সূচি অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর উন্নয়ন ও জলবায়ু বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠক এবং ২৪ সেপ্টেম্বর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। ২৫ সেপ্টেম্বর মহামারি প্রতিরোধ, প্রস্তুতি ও মোকাবিলা নিয়েও উচ্চপর্যায়ের বৈঠক রয়েছে।

এ ছাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশ রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা আয়োজন করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেরও কথা রয়েছে।

কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, প্রধানমন্ত্রী জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক এবং জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালিহের সঙ্গে বৈঠক করতে পারেন। এছাড়া বোয়িং গ্লোবালের প্রেসিডেন্ট ব্রেন্ডান নেলসনের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে।

সফরকালে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজেও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন বলে সরকারি সূত্র জানিয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে এবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দায়িত্ব পালন করছেন। ৮১তম অধিবেশন ৮ সেপ্টেম্বর শুরু হয়েছে এবং এর উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ