spot_img
spot_img

অর্থনীতিকে শক্তিশালী করে স্বনির্ভর বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: পানিসম্পদমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই সরকার বিভিন্ন কর্মসূচি অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুরের রহমতখালী খালে পোনা মাছ অবমুক্তকরণ শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। পরে জেলা মৎস্য বিভাগের উদ্যোগে পুকুরে অবমুক্ত করার জন্য সরকারি-বেসরকারি ৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে মাছের পোনা বিতরণ করা হয়।

পানিসম্পদমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবদ্দশায় তাঁর তীক্ষ্ণ দৃষ্টি ও দূরদর্শী চিন্তা থেকে স্বনির্ভর বাংলাদেশ গঠনে খাল পুনঃখননসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছিলেন। সেটা ছিল একটি আন্দোলন, একটি বিপ্লব। তাঁরই ধারাবাহিকতায় আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য নতুন কর্মসূচি হাতে নিয়েছি।

একটি জাগরণ সৃষ্টি হবে উল্লেখ করে তিনি বলেন, দলমত নির্বিশেষে আমরা সবাই যদি এসব কাজকে অগ্রাধিকার দিই, তাহলে অর্থনৈতিক রূপান্তরের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে পারব। মাছে-ভাতে বাংলাদেশের মানুষ, নদীমাতৃক দেশ। সবকিছু মিলিয়ে আমরা নিজেদের অবস্থানকে আরও সুদৃঢ় করতে সক্ষম হব। স্বনির্ভর বাংলাদেশ গড়ে ওঠার লক্ষ্যেই আমরা কাজগুলো অব্যাহত রেখেছি।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নির্বাচনের পর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী অনেকগুলো কর্মসূচি হাতে নিয়েছেন। এর মধ্যে বৃক্ষরোপণ অভিযান, সারা দেশে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি অব্যাহত রয়েছে। আগামী পাঁচ বছরে দেশের ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের লক্ষ্যও নেওয়া হয়েছে। মৎস্য অবমুক্তকরণও এ কর্মসূচির আওতায় রয়েছে।

তিনি আরও বলেন, আমরা গ্রামীণ অবকাঠামোকে অগ্রাধিকার দিচ্ছি। সামাজিকভাবে নৈতিক দায়িত্ববোধ থেকে আমরা কর্মসূচিগুলো পালন করে যাচ্ছি। পাশাপাশি সবকিছুর সঙ্গে পরিবেশের সম্পর্ক রয়েছে।

মন্ত্রী বলেন, রহমতখালী খাল লক্ষ্মীপুরের প্রাণ। ইতোমধ্যে খাল পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ অব্যাহত রেখেছি। প্রচুর কচুরিপানা ছিল, সেগুলো পরিষ্কার করেছি। পানির যথেষ্ট প্রবাহ রয়েছে। আজ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সবাই মিলে আমরা সামাজিক এ উদ্যোগকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি।

এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ-জামান খান, জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান এবং বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ