মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড পরিবর্তন কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মুহাম্মাদ আক্তারুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন এজে মোহাম্মদ আলী।
এর আগে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড পুনর্গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন আগের ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক এ কে এম ফজলুল হক।
গত ৮ সেপ্টেম্বর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করে দিয়েছেন আচার্য ও রাষ্ট্রপতি মুহাম্মাদ আবদুল হামিদ। পুনর্গঠিত ১৩ সদস্যের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামকে। এতে আগের কমিটির সবাইকে বাদ দেওয়া হয়েছে।
মানারাতের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ৬ (১০) সুস্পষ্ট লঙ্ঘন করায় এই আইনের ৩৫ (৭) ধারা অনুযায়ী, রাষ্ট্রপতি ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করে দিয়েছেন।










