spot_img
spot_img

সিরাজগঞ্জে বিএনপির সাথে আ.লীগ ও পুলিশের সংঘর্ষ; আহত ২০

সিরাজগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের সাথে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষের ঘটনায় ৬ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নেতা-কর্মীরা বলেন, সভা শেষে দলীয় কার্যালয় থেকে বের হয়ে আমরা রেলওয়ে স্টেশনে এলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের গাড়ি ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। আমরা প্রতিরোধ করতে গেলে পুলিশ আমাদের ওপর ছররা গুলি চালায়। এতে রুমানা মাহমুদ ও আমিসহ অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হই।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, আগামী ৩ ডিসেম্বর রাজশাহীর বিভাগীয় গণসমাবেশ সফল করতে কামারখন্দে দলীয় কার্যালয়ে আমরা আলোচনা সভা করি। সেখানে কেন্দ্রীয় নেত্রী সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, জেলা বিএনপির সভানেত্রী রুমানা মাহমুদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ বলেন, বিএনপির অভিযোগ সঠিক নয়। বরং তাদের মধ্যেই গ্রুপিং রয়েছে। দুই গ্রুপে দ্বন্দ্বের একপর্যায়ে স্টেশন এলাকায় আওয়ামী লীগের ৬-৭ জন নেতা-কর্মীর ওপর তারা হামলা চালিয়ে আহত করে।

কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী বলেন, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যায়। এ সময় বিএনপির নেতা-কর্মীরা হামলা চালায়। বাধ্য হয়ে ছররা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এ ঘটনায় তিনি নিজেও আহত হয়েছেন বলে জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ