spot_img
spot_img

আ.লীগের নাশকতার আশঙ্কায় চট্টগ্রামের সড়ক-অলিগলিতে রাতভর পাহারা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাশকতার আশঙ্কায় চট্টগ্রাম নগরের সড়ক ও অলিগলিতে রাতভর পাহারা দিয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। ১৯ নভেম্বর ছাত্রলীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নগরে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে এ সতর্ক অবস্থান নেন তাঁরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরের জিইসি কনভেনশন সেন্টারের সামনে পাহারা শুরু করেন স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।

দলীয় সূত্র জানায়, ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে চট্টগ্রামে নাশকতা চালানো হতে পারে বলে আশঙ্কা রয়েছে। গত কয়েক দিন ধরেই বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার নগরের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলমের ব্যবসাপ্রতিষ্ঠান ইলিয়াস ব্রাদার্সে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় দুজনকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা-পুলিশ।

এ ঘটনার পর রাতে সম্ভাব্য নাশকতা ঠেকাতে নগরের গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলিতে পাহারা শুরু করেন স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।

রাত সাড়ে ১০টার দিকে নগরের জিইসি কনভেনশন সেন্টারের সামনে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু ও সদস্যসচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের নেতৃত্বে বেশ কয়েকজন নেতা-কর্মীকে অবস্থান নিতে দেখা যায়। পরে তাঁরা কয়েকটি দলে ভাগ হয়ে আশপাশের বিভিন্ন গলিতে পাহারা শুরু করেন। নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে রাতভর সতর্ক অবস্থানে থাকার কথা জানান সংগঠনের নেতা-কর্মীরা।

এর আগে মঙ্গলবার বিকেলে দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ও সংসদ সদস্য জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা এবং মানুষের ঘরবাড়িতে আগুন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে মহানগর স্বেচ্ছাসেবক দল।

মিছিলটি নগরের জেলা স্টেডিয়াম গেট থেকে শুরু হয়ে কাজীর দেউড়ি মোড় প্রদক্ষিণ করে ওয়াসা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। স্বেচ্ছাসেবক দলের প্রত্যেক নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে এবং যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।

মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা রুখে দিতে নেতা-কর্মীদের সর্বদা সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দলীয় নেতা-কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, মাঈনুদ্দিন রাশেদ ও সিরাজুল ইসলাম ভূঁইয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। মিছিলে নগরের ১৫টি থানা, ৪১টি সাধারণ ওয়ার্ড ও ৬টি সাংগঠনিক ওয়ার্ডের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ