পিরোজপুরের ভান্ডারিয়ায় গভীর রাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা সিয়াম নামে এক হেলপার আগুনে পুড়ে নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ‘বাহক’ ও ‘লিসা’ পরিবহনের দুটি বাসে রাতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার সিয়াম আগুনে আটকা পড়ে প্রাণ হারান।
বাসে আগুন জ্বলতে দেখে টহলরত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা আশপাশের বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক ও সহকারীদের জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পুড়ে যাওয়া বাসের ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে বাস দুটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান। তাঁরা ঘটনাস্থলও পরিদর্শন করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘লিসা’ পরিবহনের বাসটির মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম সরদার। অন্যদিকে ‘বাহক’ পরিবহনের বাসটির মালিক ঝালকাঠির অমিত পাল।











