spot_img
spot_img

সিরিয়ায় ইসরাইলি বাহিনীর অবৈধ অনুপ্রবেশ ও হামলার তীব্র নিন্দা আরব পার্লামেন্টের

সিরিয়ার দক্ষিণাঞ্চলের কুনেইত্রা ও দারা প্রদেশের গ্রামীণ এলাকায় দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনীর অব্যাহত অনুপ্রবেশ এবং বেসামরিক নাগরিকদের ওপর বারবার হামলা ও লঙ্ঘনমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে আরব পার্লামেন্ট।

বুধবার (১৮ নভেম্বর) এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

পার্লামেন্টের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের এসব কর্মকাণ্ড সিরীয় আরব প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে এটি দেশটির ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার ওপর আঘাত এবং আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনের বিধানের সুস্পষ্ট লঙ্ঘন।

এসব অনুপ্রবেশ ও হামলার ধারাবাহিকতা এবং পুনরাবৃত্তির ভয়াবহতা নিয়ে সতর্ক করেছে পার্লামেন্ট। একই সঙ্গে সিরিয়ার ভূখণ্ডে জোরপূর্বক নতুন দখলদারত্বের বাস্তবতা প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রতিফলন হিসেবে এসব কর্মকাণ্ডকে উল্লেখ করেছে তারা। পার্লামেন্ট সতর্ক করে বলেছে, এসব কর্মকাণ্ড সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর পরিণতি বয়ে আনতে পারে এবং পুরো অঞ্চলে উত্তেজনা ও অস্থিতিশীলতার বিস্তার ঘটাতে পারে।

পার্লামেন্ট জোর দিয়ে বলেছে, দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের এসব কর্মকাণ্ড ও লঙ্ঘন অব্যাহত থাকলেও এর মাধ্যমে তারা কোনো অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না কিংবা তাদের উপস্থিতির বৈধতা অর্জন করতে পারবে না। রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা অটল নীতি এবং এসব নীতি লঙ্ঘন বা পাশ কাটানো যাবে না বলেও উল্লেখ করেছে পার্লামেন্ট।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আইনি ও রাজনৈতিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে আরব পার্লামেন্ট। এসব লঙ্ঘন বন্ধে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়া এবং দখলদার ইসরাইলি বাহিনীকে অবিলম্বে সব ধরনের অনুপ্রবেশ ও হামলা বন্ধ করতে বাধ্য করার আহ্বান জানিয়েছে তারা। একই সঙ্গে সিরিয়ার ভূখণ্ড থেকে সম্পূর্ণ প্রত্যাহার এবং ১৯৭৪ সালের বিচ্ছিন্নতা চুক্তি মেনে চলার মাধ্যমে সিরীয় আরব প্রজাতন্ত্রের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার আহ্বান জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) সিরিয়ার কুনেইত্রা ও দারা প্রদেশের গ্রামীণ এলাকায় দখলদার ইসরাইলি অনুপ্রবেশ অব্যাহত থাকা এবং বেসামরিক নাগরিকদের ওপর বারবার হামলা ও নিপীড়নমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায় সিরিয়া। এসব কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে বর্ণনা করেছে দেশটি।

সূত্র : সানা নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ