spot_img
spot_img

ফ্যাসিবাদী অপশক্তিকে ঠেকাতে চব্বিশের মতো সবাইকে এক মঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

পতিত, পরাজিত ও বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তির পুনরুত্থান ঠেকাতে এবং বাংলাদেশকে আবারও তাবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে চব্বিশের মতো একমঞ্চে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া দীর্ঘ বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সংসদে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার ও সংসদ যখন দেশকে একটি নিরাপদ, স্বনির্ভর ও সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তরের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই পলাতক ফ্যাসিবাদী অপশক্তি বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র ও সন্ত্রাস শুরু করেছে। দেশের ভেতরে ও বাইরে অবস্থানরত চিহ্নিত এই সন্ত্রাসী গোষ্ঠী দেশ ও জনগণের বিরুদ্ধে আবারও তৎপর হয়ে উঠেছে বলে উল্লেখ করেন তিনি।

সংসদে প্রতিনিধিত্বকারী এবং সংসদের বাইরের সব গণতান্ত্রিক দলের প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে সংসদ নেতা বলেন, ‘আসুন ঐক্যবদ্ধভাবে ৭ই নভেম্বর এবং ৫ই আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে আমরা সকলে এক মঞ্চে দাঁড়াই।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাদ উল্লেখ করে বলেন, ‘কথায় বলে চোর না শুনে ধর্মের কাহিনী। সুযোগ পেলেই এই ফ্যাসিস্ট দলটির চরিত্র যে কখনোই ঠিক হবে না, গত কয়েক দিনের চিত্রে তা আবারও পরিষ্কারভাবে ফুটে উঠেছে।’

সাম্প্রতিক বিভিন্ন ঘটনার বিবরণ তুলে ধরে সংসদ নেতা জানান, এই সন্ত্রাসীরা বিদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে লাঞ্ছিত করার অপচেষ্টা চালিয়েছে। এছাড়া এনসিপির সভাপতি নাহিদ ইসলামকে লাঞ্ছিত করার চেষ্টা, আমেরিকায় এনসিপির নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণ এবং ইতালিতে একজন বাংলাদেশি নারী শিল্পীর ওপর বর্বরোচিত আক্রমণ চালিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, পলাতক নেত্রীর নির্দেশে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে গণতন্ত্রকামী জনগণের ঘরবাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া এবং হত্যার তালিকা তৈরির মতো বেপরোয়া সন্ত্রাস চালাচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা নিজেরাই প্রমাণ করেছে যে, এরা কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি চিহ্নিত ‘সন্ত্রাসী গোষ্ঠী’।

বিদেশে অবস্থানরত এই সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, যারা এই সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, এর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাপ্রিয় জনগণের প্রতি তাদের মনোভাব স্পষ্ট হয়ে গেছে। তারা গণতন্ত্রকামী মানুষের পরিবর্তে সন্ত্রাসীদের সঙ্গেই সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, দেশপ্রেমিক ও স্বাধীনতাপ্রিয় জনগণ কারও বশ্যতা মেনে নেওয়ার জন্য লড়াই করেনি।

তিন দশক আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেওয়া ঐতিহাসিক স্লোগান স্মরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আবারও আজ সেই আওয়াজ তুলে বলি, ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’

বাংলাদেশকে আর কখনোই কোনো তাবেদারের হাতে সঁপে দেওয়া হবে না উল্লেখ করে সংসদ নেতা বলেন, যাদের হাতে গোলামীর জিঞ্জির, সেই তাবেদারি শক্তিকে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে।

বক্তব্যে দেশের রপ্তানি আয়ের প্রধান খাত গার্মেন্টস শিল্পে অস্থিরতা সৃষ্টির পেছনেও বিদেশে পলাতক এই সন্ত্রাসী শক্তির উস্কানি রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

যেভাবে বিগত সরকার দেশের স্বাস্থ্য খাতকে পরনির্ভরশীল করে তুলেছিল, ঠিক তেমনি গার্মেন্টস শিল্প ধ্বংস করে অন্য কোনো বিশেষ দেশের হাতে এর সুবিধা তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে কি না, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শ্রমিকদের কোনো প্রকার উস্কানিতে পা না দিয়ে নিজেদের কর্মস্থল রক্ষা করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে শিগগিরই মজুরি কমিশনের মাধ্যমে নতুন সর্বনিম্ন বেতন কাঠামো ঘোষণা করা হবে।

এছাড়া বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর দেশের অর্থনৈতিক ও সামাজিক পুনর্গঠনে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ নেওয়া হয়েছে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে শুল্ক হ্রাস ও বাজার মনিটরিং জোরদার করা হয়েছে।

পাশাপাশি গত কয়েক মাসে প্রায় ৫ লাখ কর্মী বিদেশে পাঠানো হয়েছে এবং আগামী এক বছরের মধ্যে বন্ধ থাকা ৪৬ থেকে ৪৭টি সরকারি কলকারখানা পুনরায় চালু করা হবে বলে সংসদকে অবহিত করেন তিনি।

বক্তব্যের শেষে স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় নেতা, সংসদ সদস্য এবং প্রজাতন্ত্রের সব কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী চব্বিশের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে যেকোনো অপতৎপরতা রুখে দেওয়ার শপথ নিয়ে চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্য শেষ করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ