পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের বাংলাদেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এ দায়িত্ব শুধু বাংলাদেশের একার নয়, বরঞ্চ বিশ্বের মোড়ল হিসেবে পরিচিত দেশগুলোরও দায়িত্ব আছে।
রবিবার (১৮ ডিসেম্বর) সকালে সিলেট নগরীর ধোপাদিঘিরপাড়স্থ হাফিজ কমপ্লেক্সে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক’দিন পরে পরে আমাদের দেশে আসে। সত্তর দশকে আসছে, আশির দশকে, নব্বইয়ের দশকে আসছে। পরবর্তীতে মিয়ানমার সরকার তাদের নিয়েও গেছে, আলাপ-আলোচনার মধ্য দিয়ে। এবারে সংখ্যাটা অনেক বেশি। একেবারে এগারো লক্ষ। তারা (মিয়ানমার) কিন্তু কখনোই বলে নাই, এদেরকে নেবে না। আমরা তাদের বলেছি, তোমরা নিয়ে যাও। তারা বলছে, নেব। আমরা বলেছি, এদের নিয়ে তোমরা নিরাপত্তা দেবে। তারা বলছে, দেবে। আমরা বলেছি, তোমাদের দেশে এরা যাতে স্বেচ্ছায় যেতে চায়, যেতে পারে, সেই ব্যবস্থা করো। বলছে, করবো। সবকিছুতেই রাজি। কিন্তু এখনও পর্যন্ত, পাঁচ বছর পার হয়েছে, একটাও লোক নেয় নাই। একটা রোহিঙ্গাও ফেরত যায় নাই। ওদের (মিয়ানমার) আন্তরিকতার অভাব। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, বিভিন্নভাবে চেষ্টা চলছে, দ্বিপাক্ষিক, ত্রিপাক্ষিক, বহুপাক্ষিক…আমরা এমনকি কোর্টেও গেছি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে এটা শুধু আমাদের একার দায়িত্ব না। বিশ্ব মোড়লদেরও দায়িত্ব আছে। আমরা বিশ্ব মোড়লদের বলেছি, আপনারা একটা কাজ করেন, রাখাইনে যেখানে রোহিঙ্গারা ছিল, সেখানে আপনারা নিরাপদ জোন তৈরি করুন। আপানারা চাইলে পারবেন। কিন্তু উনারা মুখে বলে, কিন্তু সেই ধরনের আন্তরিকতার কিছুটা ঘাটতি আছে। তবে আমি সবসময় আশাবাদী যে, তারা তাদের দেশে ফেরত যাবে।
তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা মিয়ানমার শুরু করেছে, এর সমাধানও তাদের ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল।











