ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে দায়িত্ব পালনকালে অজ্ঞাত গাড়িচাপায় মুহাম্মাদ জাহাঙ্গীর আলম (৪৬) নামে হাইওয়ে পুলিশের এক এসআই (উপ-পরিদর্শক) নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অজ্ঞাত গাড়িটি এখনও শনাক্ত করা যায়নি। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সে অত্যন্ত ভালো মানুষ এবং সদা হাস্যোজ্জ্বল ছিলেন।
নিহত জাহাঙ্গীর দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন। তিনি শেরপুর সদর উপজেলার এদাদিয়া গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে। তিনি ১৯৯৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ জানান, ডিউটিরত অবস্থায় সড়ক পারাপারের সময় রাত ১টার দিকে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।











