পেন্টাগন জানিয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন শুক্রবার এক টেলিফোন আলাপে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীকে ইউক্রেন সঙ্কটে উত্তেজনা হ্রাস করার আহ্বান জানিয়েছেন।
পেন্টাগনের প্রেস সচিব জন কারবি এক বিবৃতিতে বলেন, অস্টিন উত্তেজনা হ্রাসের, ইউক্রেন ঘিরে থাকা রাশিয়ার সেনাদের নিজ ঘাঁটিতে ফিরে যাবার ও একটি কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন।
আলোচনাটি এমন সময়ে হলো যখন রাশিয়া ঘোষণা দিয়েছে যে শনিবার তাদের পারমাণবিক বাহিনী মহড়া দিবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বয়ং মহড়াটি তত্ত্বাবধান করবেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, মহড়াটিতে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের একাধিক উৎক্ষেপণ অনুশীলন করা হবে।
বৃহস্পতিবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার আগামী কয়েক দিনের মধ্যেই ইউক্রেন আক্রমণের সম্ভাবনা ‘অত্যন্ত বেশি’ বলে সতর্ক করার পরই, এমন মহড়ার ঘোষণা দেওয়া হলো। ইউক্রেনের সীমান্তে রাশিয়া ১ লাখ ৫০ হাজারের মতো সেনা জড়ো করেছে।











