বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি। তাঁর রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি। তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন বাংলাদেশ রাষ্ট্রের কাছ থেকে, বাংলাদেশের জনগণের কাছ থেকে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে খেলাফত মজলিসের কুমিল্লা মহানগরীর গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
মাওলানা মামুনুল হক বলেন, জুলাই-আগস্টের এই বিপ্লবের পর শেখ হাসিনা আওয়ামী লীগকে এমন এক জায়গায় দাঁড় করিয়ে দিয়ে গিয়েছেন, আগামী ১০০ বছরেও আওয়ামী লীগের নাম উচ্চারণ করা লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনা জানতেন তার ক্ষমতার মসনদ টিকবে না। বিভিন্ন গোয়েন্দা সংস্থা, এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্র থেকেও আভাস দেওয়া হয়েছিল, এরপরও তিনি আওয়ামী লীগ, যুবলীগের ও ছাত্রলীগের নেতাকর্মীদের কথা চিন্তা করেন নাই। তিনি চিন্তা করেছেন শুধুমাত্র তার পরিবারের কথা।
তিনি আরও বলেন, নিজের ছেলেমেয়েকে আগেই দেশের বাইরে সেটেল করেছেন। নিজের পরিবারের প্রতিটি সদস্যকে দেশের বাইরে নিরাপদে পাঠিয়ে দিয়েছেন। লাখ লাখ কোটি টাকা আগেই পাচার করে অবশিষ্ট সময়টুকু পাওয়ার পর ১৪টি লাগেজ তিনি গুজিয়েছেন। তার বোনকে বগলদাবা করে ১৪টি লাগেজ নিয়ে ৫ আগস্ট দুপুরে তিনি হেলিকপ্টার দিয়ে তার পরম আপনজনদের কোলে গিয়ে আশ্রয় নিয়েছেন।











