সংবিধান ও রাষ্ট্র ধ্বংসের দায়ে আওয়ামী লীগের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ করার জন্য আজ প্রত্যেকটি আইন ও নীতিমালা করা হচ্ছে। সংবিধান ও রাষ্ট্র ধ্বংসের দায়ে আওয়ামী লীগের বিচার করা হবে। সরকার ক্ষমতা ধরে রাখতে পরিকল্পিতভাবে কর্তৃত্ববাদী রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলেছে। দেশে ছদ্মবেশী বাকশাল কায়েম করা হয়েছে।
শনিবার (১৯ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের একাংশের বার্ষিক কাউন্সিলে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশ রক্ষায় সরকারকে হটানোর কোনো বিকল্প নেই। সমস্ত রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে আলোচনা চলছে, একজোট সম্ভব না হলেও যুগপৎ আন্দোলনের মাধ্যমে সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কাজটা কঠিন হলেও আন্দোলনের মাধ্যমেই সরকারকে হটানো হবে ।










