spot_img

আমরা আগামী নির্বাচনের জন্য একতাবদ্ধ থাকবো: আমির খসরু

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা সাংবিধানিক অধিকারের পক্ষে আছে, অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে আছে, তাদের সঙ্গেই আমরা কাজ করবো। আমরা আগামী নির্বাচনের জন্য একতাবদ্ধ থাকবো।

শনিবার (১৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বিএনপির সাবেক দুই নেতা খন্দকার দেলোয়ার হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা অধিকার আন্দোলন আয়োজিত শোকসভা ও দুআ মাহফিলে তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, এখানে দ্বিমত হওয়ার কোনো সুযোগ নেই। অন্য বিষয়ে আমাদের দ্বিমত থাকতে পারে, কিন্তু এই সরকারের পতনের (দাবি) সঙ্গে যাদের দ্বিমত থাকবে না, তাদের সঙ্গে কাজ করতে আমাদের কোনো সমস্যা নেই। আমরা একসঙ্গে করতে পারি, যার যার অবস্থান থেকে কাজ করতে পারি। কিন্তু আমাদের লক্ষ্য তো একটাই। আজকে আমার কষ্ট হয়, যখন জনগণ জানতে চান, বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে কি না। এই মুহূর্তে যারা জানতে চান বিএনপি নির্বাচনে অংশ নেবে কি না, তারা কি চোখে দেখেন না? তাদের কী বোধশক্তি নেই! তাদের যদি বোধশক্তি থেকে থাকে, তাহলে তো বোঝার কথা বাংলাদেশে কোনো নির্বাচন আছে কি না, যেখানে অংশগ্রহণ করার প্রশ্ন আসে। নির্বাচন থাকলে তো অংশগ্রহণের প্রশ্ন আসবে। যেখানে নির্বাচনই নেই দেশে, সেখানে অংশগ্রহণের প্রশ্ন কিসের? তাহলে বিএনপি নির্বাচনে অংশ নেবে কী নেবে না, এটা তো প্রশ্ন করার দরকার নেই।

বিএনপির এ নেতা বলেন, যদি নির্বাচন হয়, তাহলে সেটা হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। বিষয়টি পরিষ্কার, অতএব এই প্রশ্ন যাতে আর কেউ না করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ