সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমদের (প্রথম) জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (১৯ মার্চ) বিকেল ৪টা ২০ মিনিটে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের পেমই গ্রামের নিজ বাড়ির আঙিনায় তার জানাজার নামাজ সম্পন্ন হয়।
জানাজার আগে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে সাহাবুদ্দিন আহমদের ছেলে সোহেল আহমদ অলিক বলেছেন, আমার বাবা গ্রামকে খুব ভালোবাসতেন। সব সময়ই গ্রামে আসতে চাইতেন। কিন্তু আমরা বিদেশে থাকায় বাবার গ্রামে আসা সম্ভব হয়নি। ভেবেছিলাম বাবাকে আপনাদের কাছে জীবিত নিয়ে আসব। কিন্তু তা আর হলো না।
সোহেল আহমদ অলিক বলেন, বাবা এলাকার লোকজনের সঙ্গে চলাফেরা করেছেন। আমার বাবার ভুল-ত্রুটি থাকলে সবাই ক্ষমা করে দেবেন।
জানাজা শেষে সাহাবুদ্দিন আহমদের মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন স্বজনরা। আগামীকাল রোববার সকাল ১০টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণস্থ জাতীয় ঈদগা মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সাবেক এই রাষ্ট্রপ্রধানকে বনানী কবরস্থানে দাফন করা হবে।










