সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে জাতীয় ঐক্যের মাধ্যমে দানবীয় সরকারকে পরাজিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৯ এপ্রিল) গাজীপুরের টেকনগপাড়া এলাকায় জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এমন মন্তব্য করেন।
বিএনপি মহাসিচব বলেন, একটি জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। আমরা জানি যে দানবীয় শক্তি যারা কথায় কথায় গুলি করে, জেলে নিয়ে যায়, গুম-হত্যা করে তাদের বিরুদ্ধে দাঁড়াতে হলে সর্ব শক্তি নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করে দাঁড়াতে হবে। এজন্য সকল রাজনৈতিক দলগুলোকে আমরা আহবান করেছি। গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের একতাবদ্ধ হতে হবে।
জেলা বিএনপির সদস্য সচিব ফজলুল হক মিলনের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বেনজির আহমেদ টিটু, হুমায়ূন কবীর খান, কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমান।









