ইসরাইলী নাগরিককে ছুরিকাঘাতের অভিযোগে ফিলিস্তিনের একজন নারীকে গুলি চালিয়ে মারাত্মকভাবে আহত করেছে দখলদার বাহিনী। এ ঘটনার পর তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দখলদার ইসরাইলী বাহিনী এক টুইট বার্তায় জানিয়েছে, দখলকৃত হেব্রনের অবৈধ গুশ ইতজিয়ন বসতির কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর আহত ইসরাইলী নাগরিককে হাসপাতালে নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, গুলিবিদ্ধ নারীর নাম ফাতেমা শাহীন। তার বয়স ৩৩ বছর ও এক সন্তানের মাতা। তিনি ব্যাথেলহামের দক্ষিণ-পূর্বে ধেশেহ শরণার্থী শিবিরের বাসিন্দা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে জেরুসালেমের ‘শায়ার জেডেক’ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তার অবস্থা গুরুতর।
গত কয়েক মাস ধরে ফিলিস্তিনি শহর ও শরণার্থী শিবির জুড়ে লাগাতার সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী। যার ফলে পশ্চিম তীরজুড়ে ক্রমবর্ধমান উত্তেজনা বেড়েই চলেছে।
দখলদার ইসরাইলী বাহিনী প্রতিনিয়ত দাবি করে আসছে, তাদের উপর হামলা চালানোর প্রচেষ্টায় ফিলিস্তিনিদের উপর গুলি চালানো হয়। তবে কিছু ভিডিওতে এমনো দেখা গিয়েছে যে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা মৃতদেহের পাশে পরবর্তীতে ছুরি রেখে দেওয়া হচ্ছে।
এদিকে, একই দিনে একজন ইসরাইলি সৈন্যের অস্ত্র কেড়ে নেওয়ার অভিযোগে ৪ জন ফিলিস্তিনি যুবককে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও ফিলিস্তিনের তুলকারেম শহরের দক্ষিণে অবস্থিত শুফা চেকপয়েন্টে আরেক ফিলিস্তিনি ব্যক্তিকে অপহরণ করেছে দখলদার বাহিনী।
অন্যদিকে, জেনিনের পশ্চিমে অবস্থিত জাবুবা গ্রামের প্রবেশপথে একটি সামরিক চেকপয়েন্ট তৈরি করা হয়েছে। যেখানে প্রতিদিন ইফতারের আগে ফিলিস্তিনিদের যানবাহন চলাচল সীমিত করা হয়।
সূত্র: দি প্যালেস্টানিয়ান ইনফরমেশন সেন্টার ও মিডল ইস্ট মনিটর











