আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালি বন্ধ করে ইরান আমেরিকাকে চাপ দিতে পারবে না। তবে প্রণালিটি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে; আমেরিকা যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তা আবার বন্ধ করা হবে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ।
তিনি বলেন, প্রিয় ইরানি জনগণ, হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। আমেরিকার মাইন অপসারণের চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে। ইরানি বাহিনী প্রায় মার্কিন নৌবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ার অবস্থায় ছিল, যার ফলে মার্কিন বাহিনী পিছু হটতে বাধ্য হয়।
শনিবার (১৮ এপ্রিল) রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন।
গালিবাফ বলেন, পাকিস্তানে যুদ্ধবিরতির আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্রের মাইন অপসারণের চেষ্টা তারা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখেছে এবং এর বিরুদ্ধে তারা দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানিয়েছে।
তিনি বলেন, আমি ইসলামাবাদে আমেরিকান প্রতিনিধিদলকে বলেছিলাম, তাদের মাইনসুইপার যদি তার অবস্থান থেকে সামান্যও এগোয়, আমরা অবশ্যই গুলি চালাব। তারা ফিরে যাওয়ার জন্য ১৫ মিনিট সময় চায় এবং শেষ পর্যন্ত পিছু হটে।
ইরান বলছে, যদি হরমুজ প্রণালিতে কোনো জাহাজ চলাচল করে, তা ইরানের সঙ্গে সমন্বয় করেই হচ্ছে এবং ইরানের নির্ধারিত নিয়ম মেনে চলছে।
গালিবাফ বলেন, আমেরিকানরা কয়েকদিনের জন্য অবরোধ ঘোষণা করেছে। কিন্তু এটি একটি বেপরোয়া ও অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত। এমন হতে পারে না যে অন্যরা প্রণালি দিয়ে চলাচল করবে কিন্তু আমরা পারব না। যদি আমেরিকা অবরোধ প্রত্যাহার না করে, তাহলে হরমুজ প্রণালিতে চলাচল অবশ্যই সীমিত করা হবে।











