spot_img
spot_img

ভারতীয় বিভিন্ন সংস্থা ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আমেরিকার

ভারতীয় বিভিন্ন ভ্রমণ সংস্থার মালিক, প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে আমেরিকা। ভারতীয় এসব সংস্থা সচেতনভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন।

সোমবার (১৯ মে) আমেরিকার পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে ভারতীয় ভ্রমণ সংস্থার বিরুদ্ধে ভিষা নিষেধাজ্ঞা আরোপের এই ঘোষণা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, ‘‘ভারতে অবস্থিত আমেরিকার দূতাবাস ও কনস্যুলেটগুলোতে কনসুলার অ্যাফেয়ার্স এবং ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস প্রতিদিনই অবৈধ অভিবাসন, মানবপাচার এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করার জন্য কাজ করে যাচ্ছে।’’

বিবৃতিতে বলা হয়, ‘‘আজ আমেরিকার পররাষ্ট্র দপ্তর ভারতীয় এসব ভ্রমণ সংস্থার মালিক, নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করছে; যারা সচেতনভাবে আমেরিকায় অবৈধ অভিবাসনে সহায়তা করেছে।’’ এ ধরনের মানবপাচার চক্র ভেঙে দিতে ভবিষ্যতেও ওয়াশিংটনের ভিসা নিষেধাজ্ঞা জারি থাকবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

আমেরিকার পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, ‘‘আমাদের অভিবাসন নীতি কেবল বিদেশিদের যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের ঝুঁকি সম্পর্কে সচেতন করার জন্যই নয়, বরং যেসব ব্যক্তি এই আইন লঙ্ঘন করে তাদেরও জবাবদিহির আওতায় আনতে কাজ করে। এর মধ্যে অবৈধ অভিবাসনে সহায়তাকারীরাও অন্তর্ভুক্ত রয়েছেন।’’

বিবৃতিতে বলা হয়, আইনের শাসন প্রতিষ্ঠা ও মার্কিন নাগরিকদের সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন এবং নীতির বাস্তবায়ন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়া, এই ভিসা নিষেধাজ্ঞায় বৈশ্বিক এবং এমনকি যারা সাধারণত ভিসা ওয়েভার প্রোগ্রামের আওতায় পড়েন, তারাও নিশানা হবেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

সূত্র: পিটিআই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ