ভারতে পাওয়া করোনাভাইরাসের অতি সংক্রামক ডেলটা ভ্যারিয়েন্টটি এখন সারা বিশ্বে ‘আধিপত্য’ বিস্তার করছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও।
শুক্রবার (১৯ জুন) ডব্লিউএইচওর প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, সংক্রমণ ঘটানোর বাড়তি সক্ষমতার কারণে সারা বিশ্বেই ডেলটা ভ্যারিয়েন্টটি বেশ দ্রুত ছড়িয়ে পড়েছে।
সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ভারতে রেকর্ড রোগী শনাক্ত ও মৃত্যুর জন্য এই ডেলটা ধরনটিকেই দায়ী করা হচ্ছে। বাংলাদেশেও এ ধরনটির দাপটের মধ্যে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।
বাংলাদেশে করোনা রোগীদের ৬৮ শতাংশই ডেলটা ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে প্রমান পেয়েছে আইসিডিডিআর,বি। গত মে মাসের শেষ এবং জুন মাসের প্রথম সপ্তাহে ঢাকায় করোনাভাইরাস আক্রান্ত ৬০ জনের নমুনার জেনোম সিকোয়েন্স বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া যায়।












