spot_img
spot_img

মধ্যপ্রাচ্যের ৪ দেশ থেকে প্রতিরক্ষা ইউনিট সরাচ্ছে আমেরিকা

মধ্যপ্রাচ্যে মোতায়েন বিপুল সংখ্যক মার্কিন সেনা ও বেশ কয়েকটি আকাশপ্রতিরক্ষা ইউনিট সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। ইরানের সঙ্গে উত্তেজনা প্রশমনে বাইডেন প্রশাসনের সাম্প্রতিক প্রচেষ্টার মধ্যেই এই পদক্ষেপ নিল পেন্টাগন।

শুক্রবার (১৯ জুন) দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নামপ্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইরাক, কুয়েত, জর্ডান ও সৌদি আরব থেকে আটটি প্যাট্রিয়ট অ্যান্টিমিসাইল ব্যাটারি সরিয়ে নিচ্ছে পেন্টাগন। এছাড়া ট্রাম্পের আমলে সৌদিতে পাঠানো টার্মিনাল হাই অ্যাল্টিচিউড এরিয়া ডিফেন্স বা থাড নামে আরেকটি আকাশপ্রতিরক্ষা ব্যবস্থাও ফিরিয়ে নেওয়া হচ্ছে।

পেন্টাগনের মুখপাত্র কমান্ডার জেসিকা ম্যাকনাল্টি বলেছেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি ইউনিট অন্য দেশে পুনঃমোতায়েন এবং কিছু সরাসরি আমেরিকা ফিরিয়ে নেওয়া হচ্ছে। তবে তাদের কোন দেশে পুনঃমোতায়েন করা হচ্ছে তা জানাননি তিনি।

এক ইমেইলে এ মার্কিন কর্মকর্তা বলেছেন, আয়োজক দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় এবং আমেরিকার নিরাপত্তা প্রতিশ্রুতি পূরণে সক্ষমতার দিকে নজর রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আমেরিকা ইরানকে এখনো মধ্যপ্রাচ্যের বড় হুমকি হিসেবে দেখলেও বর্তমান মার্কিন প্রশাসন তেহরানের সঙ্গে সমঝোতার মাধ্যমে পরমাণু চুক্তি পুনর্বহাল করতে আগ্রহী। এটি হলে ইরানের ওপর থেকে বেশ কিছু নিষেধাজ্ঞাও প্রত্যাহার হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ