দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেছেন, আগামী মঙ্গলবার থেকে দেশের বন্যাকবলিত এলাকায় পানি কমতে শুরু করবে।
তিনি জানান, সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় পরিস্থিতির অবনতি হয়েছে।
রোববার (১৯ জুন) সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সারা দেশেই আগামী ২৪ ঘণ্টা বৃষ্টি হবে। কোথাও কোথাও হবে অতি ভারী বৃষ্টি। তবে সিলেট অঞ্চলে কাল সোমবার বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে। এ সময় উজানেও বৃষ্টি কমতে পারে।
ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, বর্তমানে দেশের ১২ জেলার ৭০টি উপজেলা বন্যায় প্লাবিত। নতুন করে ছয়টি উপজেলা প্লাবিত হয়েছে। এ ছাড়া দু’জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যে একজন এসএসসি পরীক্ষার্থী স্রোতের টানে ভেসে গেছে। আরেকজন বয়স্ক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।










