বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের আর কোন দাবি নেই। আমাদের একটাই দাবি-নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করে সেই সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। তারপর একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নতুন সরকারের হাতে ক্ষমতা তুলে দিন।
তিনি বলেন, বিএনপি জনগণের সরকার গঠন করতে চায়। আর আওয়ামী লীগ চায় নিজেদের জন্য সরকার গঠন করতে। জনগণের ভোটেই গঠন হবে আগামীর সরকার।
সোমবার (১৯ জুন) বিকেল ৪টায় বগুড়া শহরের সেন্ট্রাল হাইস্কুল মাঠে জাতীয়াতাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদল আয়োজিত বগুড়ায় রংপুর ও রাজশাহী বিভাগীয় “তারুণ্যের সমাবেশে” প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে তরুণ প্রজন্মকেও জাগ্রত করতে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদল মিলে এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
যুবদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের পরিচালনায় রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হাসান, সহ-সভাপতি মাহফুজুর রহমান বিজয়, বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম শুভ, সদস্য সচিব আবু হাসান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান প্রমুখ বক্তব্য রাখেন।










