আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর বাংলাদেশকে একটি টেকনিক্যাল নোট দিয়েছে। দ্রুতই ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোমবার (১৯ জুন) জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমানের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, মতপ্রকাশের স্বাধীনতা রোধ বা গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়নি। সাইবার অপরাধ দমনের জন্য আইনটি করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার যাতে না হয়, সে জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করেছে।
মন্ত্রী আরও বলেন, আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইসিটি বিভাগের কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি এরই মধ্যে দু–তিনবার বৈঠকে বসেছে। জাতিসংঘের টেকনিক্যাল নোট এর পর্যালোচনাও প্রায় শেষ। দ্রুতই ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।











